LaraMag

collapse
...
Home / গ্যাজেট এক্সপ্লেইনার / জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

26-মে-2026  The Gazette Desk  83 views
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসের জবাব দেয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের দুঃসাহসিক হামলার জবাব দেয়া হবে বলে সাফ জানিয়ে দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীরা যে দুঃসাহস দেখিয়েছে, এর জবাব দেয়া হবে। সরকারের পরিকল্পনা রয়েছে সেখানে পুলিশের ট্রেনিং সেন্টার ও একটি জেলখানা প্রতিষ্ঠার।’

 

আজ মঙ্গলবার (২৬ মে) দুপুরে পুলিশ সদর দপ্তরের কন্ট্রোল রুম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।



তিনি বলেন, বিগত সরকারের আমলে আইনের শাসন না থাকায় জঙ্গল সলিমপুর ‘সন্ত্রাসীদের অভয়ারণ্য’ হয়ে উঠেছিল। খুব দ্রুত সময়ের মধ্যেই পুরো এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে।

তিনি আরও বলেন, সীমান্তে দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও দেশ অস্থিতিশীল হওয়ার মতো কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি।

 

এছাড়া সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি অব্যাহত রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

 

উল্লেখ্য, গত ৯ মার্চ সেনাবাহিনী, র‌্যাব, পুলিশ ও বিজিবির প্রায় ৩ হাজার ২০০ সদস্যের সমন্বয়ে জঙ্গল সলিমপুরে বড় ধরনের যৌথ অভিযান চালানো হয়। অভিযানের পর এলাকাটি প্রশাসনের নিয়ন্ত্রণে আসে এবং সেখানে স্থায়ী চৌকি স্থাপন করা হয়।

 

তবে গত রোববার দিবাগত রাতেজঙ্গল সলিমপুরে গভীর রাতে র‍্যাব ও পুলিশের যৌথ বাহিনীর ক্যাম্পে হামলায় চালায় ২-৩শ সশস্ত্র ব্যক্তি। এ সময় এক্সকাভেটর (খননযন্ত্র) দিয়ে নির্মাণাধীন নতুন একটি অস্থায়ী ক্যাম্প গুঁড়িয়ে দেওয়া হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যাতায়াত ঠেকাতে রাস্তার কয়েকটি অংশ কেটে দেওয়া হয়।

 

র‍্যাব জানায়, আগামী ৩১ মে জঙ্গল সলিমপুর পরিদর্শনে আসার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। যে ক্যাম্পটি সন্ত্রাসীরা গুঁড়িয়ে দিয়েছে, সেটি তারই উদ্বোধন করার কথা ছিল।


Share:

একটি মন্তব্য করুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না। প্রয়োজনীয় ক্ষেত্রগুলি * দিয়ে চিহ্নিত

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy