LaraMag

collapse
...
Home / গ্যাজেট এক্সপ্লেইনার / সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

05-জুন-2026  The Gazette Desk  10 views
সাত জেলায় বজ্রপাতে ১২ জনের মৃত্যু

বজ্রপাতে সাত জেলায় ১২ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় ৫ জন, ময়মনসিংহের দুই উপজেলায় ২ জন, নীলফামারীতে একজন, পঞ্চগড়ে একজন, চুয়াডাঙ্গায় একজন, বগুড়ায় একজন ও শেরপুরে একজন রয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সময়ে এসব মৃত্যুর ঘটনা ঘটে।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জের তিন উপজেলায় বৃষ্টির সময় পৃথক বজ্রপাতের ঘটনায় তিন নারীসহ পাঁচজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—সদরের আতাহার গ্রামের মো. রাব্বিলের ছেলে আবদুল্লাহ (১৭), শিবগঞ্জের চককীর্তি ইউনিয়নের চকনরেন্দ্র গ্রামের দুবাইপ্রবাসী আব্দুর রবের স্ত্রী মাহমুদা বেগম (১৯), একই ইউনিয়নের রানীবাড়ী বাজারপাড়া গ্রামের মো. কাশেমের মেয়ে সাদিয়া (১৬), শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের শিকারপুর দক্ষিণপাড়া গ্রামের মো. ফিটুর ছেলে মেসবাহুল ওরফে মেসবাবুল (১৪) এবং নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের লাহাবাড়ী গ্রামের আব্দুর রাকিবের স্ত্রী সুমিয়ারা বেগম (৪০)। আহত হয়েছেন নাচোলের লাহাবাড়ী গ্রামের জিয়াউর রহমান (৩৬)।

ময়মনসিংহ
ময়মনসিংহের দুই উপজেলায় বজ্রপাতে এক কলেজশিক্ষকসহ দুইজনের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে গফরগাঁও উপজেলায় সিয়াম (২৮) নামে এক যুবক এবং দুপুর ১টা ১৫ মিনিটের দিকে মুক্তাগাছায় এএসএম খালেকুল আজাদ (৫৬) নামে এক কলেজশিক্ষকের মৃত্যু হয়।

নীলফামারী 
নীলফামারীর ডিমলায় বজ্রপাতে আলম ইসলাম (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়। এ সময় সেরিনা বেগম (৩০) নামের এক গৃহবধূ গুরুতর আহত হয়। সন্ধ্যায় উপজেলার নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম ইসলাম নাউতারা ইউনিয়নের নিজপাড়া এলাকার বাসিন্দা নুরুল ই

ডিমলা থানার ওসি শওকত আলী সরকার বলেন, বজ্রপাতে নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পঞ্চগড়
পঞ্চগড়ে বজ্রপাতে শাহাদাত হোসেন (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। বিকেলে সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। শাহাদাত ওই এলাকার কেরামত আলীর ছেলে। অমরখানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান নুরু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নান্দবার গ্রামে বজ্রপাতে নাফিজ আহমেদ শান্ত (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই ঘটনায় তার চাচাতো নাহিদ (২৩) গুরুতর আহত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিকেলে নাফিজের বাড়ির ছাদে এ দুর্ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা দ্রুত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাফিজ আহমেদ শান্তকে মৃত ঘোষণা করেন।

নিহত নাফিজ আহমেদ শান্ত আলমডাঙ্গা উপজেলার গাংনী ইউনিয়নের নান্দবার গ্রামের জাহাঙ্গীরের ছেলে। আহত নাহিদ একই গ্রামের লিটনের ছেলে। সম্পর্কে তারা দুজন চাচাতো ভাই বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য সাইদুর রহমান।

বগুড়া
বগুড়ার আদমদীঘি উপজেলায় মরিচ ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে রাব্বি হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার মা মনিকা বেগম গুরুতর আহত হয়েছেন। বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সদর ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামের মাঠে এ ঘটনা ঘটে। নিহত রাব্বি হোসেন ওই গ্রামের আফাল উদ্দিনের ছেলে।

আদমদীঘি থানার ওসি কামরুজ্জামান মিয়া বজ্রপাতে রাব্বি হোসেনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

শেরপুর
শেরপুরে বজ্রপাতে মো. মিজান মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারি ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওই এলাকার কমল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে মিজান তার বন্ধুদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যান। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, বজ্রপাতে মৃত্যুর বিষয়টি আমি জেনেছি। পরিবারের সঙ্গে কথা হয়েছে।


Share:

Your experience on this site will be improved by allowing cookies Cookie Policy