পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন ৫২ হাজার ৪৯১ জন হাজি। মোট ১২৩টি ফিরতি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন তারা। অন্যদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে মোট ৪৯ বাংলাদেশির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত ৩টার দিকে ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।
দেশে ফেরা হাজিদের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২১ হাজার ৯২০ জনকে, সৌদি এয়ারলাইন্স ১৮ হাজার ৮৮০ জনকে, ফ্লাইনাস এয়ারলাইন্স ৮ হাজার ৩৮০ জনকে পরিবহন করেছে। অন্যান্য এয়ারলাইন্সের মাধ্যমে সৌদি আরব ত্যাগ করেছেন ৩ হাজার ৩১১ জন।
এখন পর্যন্ত ফিরতি ফ্লাইট সংখ্যা ১২৩টি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৫৫টি, সৌদি এয়ারলাইন্স ৪৭টি, ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে। হজে গিয়ে সৌদি আরবে চিকিৎসা নিয়েছেন ৬২ হাজার ২৪৩ জন। আর এখন পর্যন্ত দেশটিতে মৃত্যু হয়েছে ৪৯ বাংলাদেশি হাজির। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে।
চলতি বছর গত ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হয়। এ লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৭ লাখের বেশি মুসল্লি পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ বছর সৌদি আরবে জমায়েত হয়েছিলেন। যারমধ্যে ৭৮ হাজারের বেশি ছিলেন বাংলাদেশি। পবিত্র হজ পালন শেষে গত ৩০ মে থেকে হজের ফিরতি ফ্লাইট শুরু হয়েছে। এছাড়া হজযাত্রীদের শেষ ফিরতি ফ্লাইট আগামী ৩০ জুন।